শনিবার ৮ আগস্ট ২০২৬ - ১০:৩০
নামাজ যদি আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে বুঝতে হবে আল্লাহর সঙ্গে আপনার আত্মিক সখ্যতা গড়ে ওঠেনি

নামাজে একঘেয়েমি ও ক্লান্তি অনুভূত হওয়ার অন্যতম কারণ হলো, মানুষের হৃদয়ে আল্লাহর সঙ্গে আত্মিক সখ্যতা গড়ে ওঠেনি। যেমন, অপরিচিত কারও সঙ্গে কথা বলা একসময় ক্লান্তিকর মনে হয়, তেমনি আল্লাহর সঙ্গে আত্মিক সখ্যতা না থাকলে ইবাদতও মানুষের কাছে কঠিন ও ক্লান্তিকর হয়ে ওঠে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ আলেমে দ্বীন ও আরেফ আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদী আমুলি একটি গভীর উপমার মাধ্যমে আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ককে একজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সম্পর্কের সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে আল্লাহর সঙ্গে মানুষের অন্তরের সখ্যতা কতটা গড়ে উঠেছে, তা যাচাইয়ের একটি সহজ মাপকাঠিও তিনি তুলে ধরেছেন।

আয়াতুল্লাহ জাওয়াদি আমুলি বলেন, “কখনো মানুষ তার কোনো বন্ধুর পাশে বসে সাধারণ কথাবার্তা বলে, অথচ এতে তার কোনো ক্লান্তি আসে না। কিন্তু যখন সে নামাজে দাঁড়ায়, তখন নামাজ তার কাছে কঠিন মনে হয়। এর কারণ হলো, সে আল্লাহর সঙ্গে আত্মিকভাবে ঘনিষ্ঠ নয়। আর যার সঙ্গে মানুষের সখ্যতা গড়ে ওঠেনি, তার সঙ্গে কথা বলা একসময় বিরক্তিকর ও ক্লান্তিকর মনে হয়।

আমরাও যদি জানতে চাই যে, আল্লাহর সঙ্গে আমাদের আত্মিক সখ্যতা কতটা গড়ে উঠেছে, তাহলে আমাদের দেখতে হবে—কুরআন তিলাওয়াতের সময় আমরা একঘেয়েমি অনুভব করি, নাকি আনন্দ ও প্রশান্তি অনুভব করি?

কারণ কুরআন হলো আমাদের প্রতি আল্লাহর বাণী। একইভাবে, নামাজ আদায়ের সময় আমরা একঘেয়েমি অনুভব করি, নাকি অন্তরে আনন্দ ও প্রশান্তি অনুভব করি? কারণ নামাজ হলো আল্লাহর সঙ্গে আমাদের কথোপকথন।”

সূত্র: আলেমদের থেকে এক হাজার একটি উপদেশ, উপদেশ নং ৮৪৭।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha